দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ভুয়া পরিচয়ে চিকিৎসাসেবা প্রদান এবং অন্য চিকিৎসকের প্যাড ব্যবহার করে প্রেসক্রিপশন দেওয়ার অভিযোগে মনোয়ার ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে রানীরবন্দর নশরতপুর বালাপাড়া এলাকা থেকে মনোয়ার ইসলামকে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্ত মনোয়ার ইসলাম খানসামা উপজেলার আলোকঝাড়ি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর এলাকার নশরতপুর বালাপাড়ায় চেম্বার পরিচালনা করতেন।
জানা গেছে, মনোয়ার ইসলাম নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখতেন এবং ডা. রবিউল ইসলাম, ডি.এ.এম.এস (চট্টগ্রাম)-এর প্যাড ব্যবহার করে প্রেসক্রিপশন দিতেন। ডা. রবিউল ইসলাম জানান, তার নাম ও প্যাড ব্যবহার করে প্রেসক্রিপশন দেওয়া হলেও তিনি এ বিষয়ে অনুমতি দেননি।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।






