সারাদেশ

পার্বতীপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আলোচনা সভা ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে পার্বতীপুর শহরের ঢাকা মোড় কোচস্ট্যান্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।

পৌর বিএনপির সাবেক সভাপতি আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দিন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি এ জেড এম মেনহাজুল হক এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন মাস্টার।

এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে অংশ নেন। পরে ঢাকা মোড় কোচস্ট্যান্ডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৃথক কর্মসূচি ঘিরে উত্তেজনা

এদিকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে পার্বতীপুরে দলের অভ্যন্তরে দুটি পক্ষের পৃথক কর্মসূচি আহ্বানকে ঘিরে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল।

দলীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হকের নেতৃত্বাধীন একটি পক্ষ এবং উপজেলা বিএনপির বর্তমান আহ্বায়ক ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামানের নেতৃত্বাধীন অপর পক্ষ একই দিনে ও একই স্থানে পৃথক কর্মসূচির ঘোষণা দেয়।

এতে দুই পক্ষের মধ্যে অপ্রীতিকর পরিস্থিতি ও সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। পরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে রেজওয়ানুল হক সমর্থিত পক্ষ তাদের কর্মসূচির তারিখ পরিবর্তন করে বুধবার (২ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে নেতাকর্মীরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দলীয় ঐক্য ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজ ডেস্ক:

Leave a Reply