চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী বিওপি থেকে ফরিদপুর বিওপি পর্যন্ত ৩ কিলোমিটার ৫৫০ মিটার কাঁচা রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকালে বাখের আলী গ্রামে এ কাজের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুল।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে RDRIDP প্রকল্পের আওতায় প্রায় ৪ কোটি টাকা ব্যয়ে রাস্তাটি পিচ কার্পেটিংয়ের মাধ্যমে পাকাকরণ করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, রাস্তাটি পাকা হলে স্থানীয় মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ও জরুরি প্রয়োজনে চলাচলে সুবিধা হবে।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির হাফেজ মো. আব্দুল আলিম, এলজিইডির কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।






