সারাদেশ

‘স্যারের ভুলের জন্য আজ এমন হলো’- শেষ চিঠিতে এইচএসসি পরীক্ষার্থী

সাতক্ষীরায় হৃদয় (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশ থেকে এইচএসসি পরীক্ষার ফল নিয়ে হতাশার কথা লেখা একটি চিরকুট পাওয়া গেছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। হৃদয় দক্ষিণ সারসা গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিল হৃদয়। শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে সে আত্মহত্যা করে। পরে তার মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়।

চিরকুটে হৃদয় তার পরীক্ষার ফলাফল নিয়ে হতাশার কথা লিখেছে। এতে বাবা-মায়ের কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি ফলাফলের জন্য শিক্ষকের ভুলের বিষয়টিও উল্লেখ করেছে সে।

চিরকুটে সে লিখেছে, ‘আজকের ঘটনার জন্য নিজেকে ক্ষমা করতে পারছি না। আমার বাবা-মা আমার জন্য তাদের নিজের সুখ-শান্তি বিসর্জন দিয়েছে। আমিও অনেক কষ্ট করেছি আজকের রেজাল্টের জন্য। তবে গার্ডরত স্যারের ভুলের জন্য আজ এমন হলো। আব্বু আম্মু আমাকে ক্ষমা করে দিও।’

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত ও চিরকুট পর্যালোচনা করে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। থানায় অপমৃত্যু মামলা (ইউডি) করার প্রস্তুতি চলছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply