সারাদেশ

রাউজানে ৯০ বস্তা সার জব্দ

চট্টগ্রামের রাউজানে অনুমোদন ছাড়া সার বিক্রি ও মজুত এবং অতিরিক্ত দামে কৃষকদের কাছে সার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ৯০ বস্তা সার জব্দের পাশাপাশি দোকান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে উপজেলা সদরের ফকিরহাট এলাকায় আরফান সিকদারের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলাম।

অভিযানে জব্দ করা সারের মধ্যে রয়েছে টিএসপি ৫৯ বস্তা, ডিএপি ১০ বস্তা ও এমওপি ২১ বস্তা। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীল ও এনএসআই কর্মকর্তা টিবলু বড়ুয়া। ভ্রাম্যমাণ আদালতকে রাউজান থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।

উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীল বলেন, বর্তমানে চাষাবাদের ভরা মৌসুম চলছে। এ অবস্থায় কিছু ডিলার নামধারী ব্যক্তি সার মজুত করে অতিরিক্ত দামে বিক্রি করছে বলে খবর পাওয়া গেছে। এসব অবৈধ মজুদদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কৃষকদের স্বার্থ রক্ষায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কাজ করে যাচ্ছে।

অভিযান শেষে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. রাহাতুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সারের ডিলার অনুমোদন ছাড়া সার বিক্রি, মজুত এবং অতিরিক্ত মূল্যে কৃষকদের কাছে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অর্থদণ্ডের পাশাপাশি অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুত করা সারগুলো জব্দ করা হয়েছে। কৃত্রিম সার সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে সার বিক্রি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজ ডেস্ক:

Leave a Reply