সারাদেশ

মজুরি বোর্ড গঠনে সন্তুষ্ট, কাজে ফিরছেন সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলের শ্রমিকরা

ন্যূনতম মজুরি ও ভাতা বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের প্রেক্ষাপটে সরকারের মজুরি বোর্ড গঠনকে স্বাগত জানিয়ে কাজে ফিরতে শুরু করেছেন সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের সাধারণ শ্রমিকরা।

সোমবার (২ নভেম্বর) সকালে আশুলিয়ার ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করেন শ্রমিকরা। একই সঙ্গে শিল্পাঞ্চলের অন্যান্য কারখানায়ও শ্রমিকদের স্বাভাবিকভাবে কাজে যোগ দিতে দেখা গেছে।

শ্রমিক সংগঠনের নেতারা বলছেন, দীর্ঘ কয়েক বছর ধরে ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরি নির্ধারণের দাবিতে আন্দোলন করে আসছেন তারা। সরকারের মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে তারা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তবে তাদের প্রত্যাশা, গঠিত কমিশন আগামী দুই মাসের মধ্যেই কার্যক্রম শেষ করে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের ঘোষণা দেবে।

সাধারণ শ্রমিকরা মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে ব্ল্যাক লিস্ট না করার দাবি জানান। সেই সাথে অন্যান্য দাবিগুলোও বাস্তবায়নের দাবি জানান তারা। এদিকে, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকাল থেকেই সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

এখন পর্যন্ত সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অধিকাংশ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন এবং উৎপাদন কার্যক্রমও শুরু হয়েছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply