কোটিপতি লিগ আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড় তিনি। নিলাম বাজারে তাঁকে নিয়ে হুড়োহুড়ি পড়ে যায় চারটি ফ্র্যাঞ্চাইজির মধ্যে। অবশেষে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ সম্মানী ২৭ কোটি রুপিতে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস লুফে নেয় ঋষভ পন্তকে। কিন্তু তিন ম্যাচে এখন পর্যন্ত পয়সা উসুল করা যায়নি তাঁকে নিয়ে। মাত্র ১৭ রান এসেছে তাঁর ব্যাট থেকে। ঋষভের মতো দামি অনেক ক্রিকেটারের ব্যাটেই রান নেই।
মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা তাদেরই একজন। ১৬.৩০ কোটি রুপির এই তারকা ব্যাটার তিন ম্যাচে করেছেন মাত্র ২১ রান। ভারতীয় অধিনায়ক হিসেবে এমনিতেই তাঁর একটি ব্র্যান্ড ভ্যালু রয়েছে। তাই মাইকেল ভন খোঁচা দিয়েছেন সূক্ষ্মভাবেই, ‘মুম্বাই রোহিতকে শুধু ব্যাটার হিসেবে বিচার করছে, সে এখন আর অধিনায়ক নয়। রোহিতের রানগুলো সত্যিই গড়পড়তা। যদি নামটি রোহিত শর্মা না হতো, তাহলে এ রকম গড়পড়তা পারফর্ম করার পর সে নিশ্চিতভাবেই দলে জায়গা হারাত। রোহিতের কাছে তার দল নিশ্চিতভাবে আরও বেশি প্রত্যাশা করে।’ রোহিতকে গত তিনটি ম্যাচেই মুম্বাই খেলিয়েছে শুধু ‘ইমপ্যাক্ট’ খেলোয়াড় হিসেবে। সেখানে তাঁর রান ১৩, ৮ ও ০।






