বহু আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি কাহিনি শুনিয়েছিলাম। ২০১৯ সালের কোনো এক সময়ে তার সঙ্গে আমার সুদীর্ঘ আলোচনা হয়, যা শেষ অবধি ব্যক্তিগত আড্ডা বা খোশগল্পে পরিণত হয়।
আর আওয়ামী লীগ সেই সুযোগ নিয়ে যে পাল্টা আক্রমণ, অপপ্রচার, মামলা, হামলা দিয়ে এমন এক ভীতিকর অবস্থা তৈরি করে, যার কারণে দলের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূলের সবাই কনফিউজ হয়ে পড়ে। এ ব্যাপারে বিস্তারিত বলার আগে কনফিউজড শব্দ নিয়ে কিছু বলা অবশ্যক এবং ২০১৯ সালে তারেক রহমানকে শোনানো একটি বড়সড় ঐতিহাসিক কাহিনি কেন ২০২৫ সালে এসে আপনাদের শোনাতে এসেছি, তা-ও ব্যাখ্যা করা জরুরি।
কনফিউজড একটি ইংরেজি শব্দ, যার বাংলা প্রতিশব্দ হলো বিভ্রান্ত। এটি একটি ক্রিয়াবাচক পদ। বিভ্রান্তি যখন কোনো প্রাণীকে গ্রাস করে এবং সে যখন অগ্রপশ্চাৎ কিছুই বুঝতে পারে না, কী করা উচিত কী বলা উচিত ইত্যাদি বিষয়ে যখন সিদ্ধান্ত নিতে পারে না, তখনই সে বিভ্রান্তিতে পড়ে। চলমান বাংলাদেশে আমরা সবাই যে বিভ্রান্তির মধ্যে পড়েছি, তা বিভিন্নরূপে বিভিন্ন সময়ে পৃথিবীর বহু জনপদের মানবকুল-পক্ষীকুল, জন্তু-জানোয়ারসহ অন্যান্য প্রাণীকে কনফিউজড বা বিভ্রান্ত করেছিল। কেবল লড়াকু বুদ্ধিমান এবং নেতৃত্বের গুণাবলিসম্পন্ন প্রাণীরা সেসব বিভ্রান্তি থেকে নিজেদের রক্ষা করতে সক্ষম হয়েছিল।
পৃথিবীতে লক্ষ-কোটি বিভ্রান্তি বা কনফিউশন রয়েছে যেগুলোর বিরাট অংশ মানবসৃষ্ট এবং বাকিগুলো প্রকৃতিগতভাবে হয়ে থাকে। প্রাকৃতিক বিভ্রান্তির মধ্যে মরীচিকার মতো ঘটনা যেরূপ রয়েছে তদ্রূপ নানান প্রাকৃতিক দুর্যোগের ফলেও প্রাণিকুল বিভ্রান্ত হয়ে পড়ে। বর্তমানে মার্কিন মুলুকের লস অ্যাঞ্জেলেসের যে ভয়াবহ দাবানল তা কেবল আমেরিকাবাসীকে নয়, তামাম দুনিয়ার সভ্যতা-প্রযুক্তি-উন্নতি সবকিছুকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। মানবসৃষ্ট বিভ্রান্তির মধ্যে ইয়েমেন-ইসরায়েল, সৌদি আরব দ্বন্দ্ব যেমন ওই এলাকার বাসিন্দাদের কিংকর্তব্যবিমূঢ় পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে তদ্রূপ ২০২৫ সালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দলসমূহ, জনগণ তো বটেই এমনকি গরুছাগলও মারাত্মক বিভ্রান্তিতে পড়ে গেছে।
লড়াকু বুদ্ধিমান বিভ্রান্তি নিয়ে লম্বা আলোচনার মাঝে হঠাৎ কেন গরু-ছাগলের বিভ্রান্ত হওয়ার প্রসঙ্গ এলো, তা একটু পরিষ্কার করে নিই। পত্রিকায় খবর বের হয়েছে, নেতাকে খুশি করার জন্য কর্মী তার রাজনৈতিক প্রতিপক্ষের গরু জোর করে ধরে এনে জবাই করে বিরাট ভোজের আয়োজন করেছে এবং একই ধরনের কয়েকটি ঘটনা দেশের অন্যান্য প্রান্তেও ঘটেছে। ৫ আগস্টের পর অবলা গরুছাগল লুট, পুকুরের মাছ লুটের মতো ঘটনা কেবল রাজনৈতিক প্রতিহিংসার কারণে যেভাবে হয়েছে, তা বাংলার ইতিহাসে ইতঃপূর্বেই ঘটেনি।
এগুলোকে কী বলবেন- লুট, চুরি-ডাকাতি নাকি গনিমতের মাল, তা নিয়ে যেমন আপনার বিভ্রান্তি থাকতে পারে, তদ্রূপ মোট কতগুলো গরু-ছাগল-মহিষ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে, কতগুলো বিক্রি করে দেওয়া হয়েছে এবং কতগুলোর গলায় ছুরি চালানো হয়েছে, তা হিসাব করতে গেলে আপনাকে বিভ্রান্তি পেয়ে বসবে। বিশেষ করে প্রভুভক্ত গৃহপালিত গরু-ছাগল সাধারণ অবস্থায় মালিককে দেখলে মাথা নাড়িয়ে সম্ভাষণ জানায় এবং হাম্বা, রব বা ম্যা ম্যা রবে নিজেদের খুশি ব্যক্ত করে। অপরদিকে প্রতিপক্ষ শত্রু বা চোর-ডাকাত দেখলে চিৎকার শুরু করে এবং সাধ্যমতো গুঁতো দেওয়ার চেষ্টা করে। কিন্তু ২০২৪ সালের আগস্টের ৫ তারিখের পর গরু-ছাগলগুলো পর্যন্ত এতটা বিভ্রান্তের মধ্যে পড়েছে যে প্রাণীগুলোর একটিও সামান্য প্রতিবাদ করেছে বা গুঁতো দিয়ে দুর্বৃত্তদের আহত করেছে, অমন খবর শোনা যায়নি।
আলোচনার শুরুতেই বলেছিলাম যে পৃথিবীতে বহু রকমের বিভ্রান্তি রয়েছে। এসব বিভ্রান্তির মধ্যে রাজনৈতিক বিভ্রান্তির ক্ষতিকর দিক সবচেয়ে ভয়াবহ। রাজনীতিতে বিভ্রান্তির কারণে কোটি কোটি মানুষ মারা পড়ে। দেশে দেশে দুর্ভিক্ষ শুরু হয়- যুদ্ধবিগ্রহ, মারামারি, হানাহানি অনিবার্য হয়ে পড়ে। বিভ্রান্তি দীর্ঘ মেয়াদে চললে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব লুণ্ঠিত হয়। দেশ টুকরো টুকরো হয়ে যায়। গৃহযুদ্ধ-অরাজকতার কারণে কখনো কখনো জাতি গোষ্ঠী বিলুপ্ত হয়ে যায়।
সুতরাং জাতীয় জীবনে যে কোনো প্রাকৃতিক বা মানবসৃষ্ট বিপর্যয়ের মধ্যে বিভ্রান্তি এমন একটি মহামারি, যা থেকে রক্ষা করার জন্য কেবল একজন রাজনৈতিক নেতার দৃঢ়তা, দূরদর্শিতা, নেতৃত্বের গুণাবলি, বিশ্বাসযোগ্যতা, সততা-ন্যায়নিষ্ঠ ও ন্যায়বিচারই হতে পারে একমাত্র মহৌষধ। ২০১৯ সালের বিভ্রান্তি আমরা কাটিয়ে উঠতে পারিনি। বরং তা ফুলে ফেঁপে ২০২৫ সালে এত বিকট আকার ধারণ করেছে যে পুরো জাতিগোষ্ঠী স্মরণকালের সবচেয়ে বড় এবং ভয়ংকর বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি। আমরা জানি না, আগামীকাল দেশের ভাগ্যে কী ঘটতে যাচ্ছে। উনি কি টুস করে ঢুকে পড়বেন- ছাত্রলীগ, আওয়ামী লীগ ভয়ংকরভাবে ফিরবে, এমন লেখা কেন বিভিন্ন সরকারি দপ্তরের বিলবোর্ডে হঠাৎ হঠাৎ উদয় হয়। নির্বাচন কবে হবে, কীভাবে হবে। আগামীর প্রধানমন্ত্রী কে, রাষ্ট্রপতি কে এসব যেমন আমরা কেউ জানি না, তদ্রূপ কেউ সাহস করে বলছেন না, আমি আগামীর প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি। এসব বিভ্রান্তির মধ্যে ব্যবসায়ীরা ভেবে পাচ্ছেন না, ব্যবসাপাতি বন্ধ করবেন নাকি চালিয়ে রাখবেন। ধনাঢ্য শ্রেণি সিদ্ধান্ত নিতে পারছে না যে বাকি জীবন দেশে কাটাবে নাকি ধনসম্পত্তি নিয়ে নিরাপদ কোনো দেশে গিয়ে আশ্রয় নেবে। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কোটি কোটি শ্রমজীবী যারা দিন আনেন দিন খান তারা আজ কাজ পেলেন কিন্তু আগামীকাল পাবেন কি না, তা জানেন না। আবার যিনি আজ কাজ না পেয়ে অভুক্ত থাকলেন তিনিও আগামীকাল খেতে পারবেন এমন কোনো স্বপ্ন দেখতে পাচ্ছেন না।
আমাদের জাতীয় বিভ্রান্তির মূল কারণ নেতৃত্বসংকট। নেতার জন্ম হয় নৈতিক গুণাবলি নিয়ে। কোনো গুন্ডা-বদমাশকে সারা জীবন ধর্মকর্ম শিক্ষা দিয়ে যেমন ধার্মিক বানানো যায় না, তদ্রূপ নেতৃত্বের গুণাবলি নেই এমন কাউকে নেতার আসনে কিয়ামত পর্যন্ত বসিয়ে সারাক্ষণ জি হুজুর জি হুজুর করলেও তার মধ্যে একবিন্দু নেতৃত্বের গুণাবলি ঢোকানো সম্ভব নয়। বরং কোনো অযোগ্য লোক পরিবার, সমাজ, রাষ্ট্রের নেতৃত্বে বসলে কী হয় তা বোধ করি বিস্তারিত আলোচনা ছাড়াই সম্মানিত পাঠক বুঝতে পারছেন। অযোগ্য নেতৃত্বের প্রধান দুর্বলতা সে নিজে বুঝতে পারে না, সে কী করছে এবং কী তার করা উচিত। দ্বিতীয়ত নেতার প্রধান গুণ হলো তার হুকুম করার ক্ষমতা ও বিশ্বাস। তার সৌন্দর্য হলো ন্যায়পরায়ণতা। তার ক্ষমতার চাবিকাঠি হলো কঠোরতা ও কোমলতার সমন্বয় করা। তার মর্যাদার প্রতীক হলো তার ন্যায়বিচার করার ক্ষমতা। তার সফলতা হলো স্থান-কাল-পাত্রভেদে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা। আর সার্থকতা হলো সাহসিকতা তথা বীরবিক্রমতা।






