ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের ১২ দিন পরেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এতে ক্ষুব্ধ হয়ে মামলার অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অনশন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
আজ সোমবার (২৮ এপ্রিল) বাঞ্ছারামপুর থানার সামনে এ বিক্ষোভ মিছিল ও অনশন কর্মসূচি পালন করেন তারা।
জানা যায়, বিক্ষুব্ধরা ধর্ষণের ঘটনার ১২ দিন পরেও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় পুলিশ ও স্থানীয় প্রশাসনের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, থানার সামনে বিক্ষোভ ও অনশনের আগে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্বরে সর্বস্তরের মানুষ অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অংশ নেয়।
মানববন্ধনের সমন্বয়কারী আবু বকর ছিদ্দিক বলেন, একটি পাঁচ বছরের শিশু ধর্ষণের ১২ দিন পরও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়াটা পুলিশের চরম ব্যর্থতা।
এ বিষয়ে কথা বলতে আজ সোমবার সকালে নবীনগর সার্কেলের দায়িত্বে থাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাকের সরকারি মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।
জানা যায়, গত ১৫ এপ্রিল বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের জয়নগর গ্রামে ওই পাঁচ বছরের কন্যাশিশুকে বাড়ির ছাদে নিয়ে ধর্ষণ করা হয়। শিশুটি বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় অজ্ঞাতনামা আসামি দিয়ে একটি মামলা করেন।






