সারাদেশ

পার্বতীপুরে মুরগির মাংস চুরির অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড

দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশনে এক যাত্রীর ১৫ কেজি বয়লার মুরগির মাংস চুরির অভিযোগে মানিক মিয়া (৩২) নামে এক ব্যক্তিকে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হলে আদালত তাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দিনাজপুর সামারি ট্রাইব্যুনাল-৪ আদালতের বিচারক জয়নুল আবেদিন এ দণ্ডাদেশ দেন।

আটক মানিক মিয়া দিনাজপুরের পূর্ব রামনগর কিষান বাজার এলাকার সরিফুল ইসলামের ছেলে।

জানা গেছে, চিলাহাটি থেকে খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি পার্বতীপুর স্টেশনে পৌঁছালে এক যাত্রীর ১৫ কেজি মুরগির মাংস ভর্তি বালতি নিয়ে সরে পড়েন মানিক। পরে স্টেশন এলাকায় ওই মাংস বিক্রির চেষ্টা করলে স্থানীয় লোকজনের সন্দেহ হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে চুরির বিষয়টি সামনে এলে তাঁকে আটক করে পার্বতীপুর রেলওয়ে থানায় সোপর্দ করা হয়।

পরে আদালতে হাজির করা হলে বিচারক অভিযোগের বিচার শেষে তাঁকে তিন মাসের কারাদণ্ড দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী।

নিউজ ডেস্ক:

Leave a Reply