ভারতের মণিপুর রাজ্যে ভেজাল মদ পানে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এই মদ পান করে মণিপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮০ জনেরও বেশি মানুষ। খবর আল জাজিরার।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত এক সপ্তাহে মণিপুরের সুগনু শহর থেকে মদ কিনে পান করেছেন, এমন স্থানীয় বাসিন্দাদের চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা। পাশাপাশি, অপরিচিত উৎস থেকে সংগৃহীত মদ পান না করার জন্য জনসাধারণকে সতর্ক করেছেন উপ-পুলিশ কমিশনার।
শুক্রবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং বলেন, ‘এখন পর্যন্ত দুটি হাসপাতালে ১৮০ জনেরও বেশি রোগী ভর্তি হয়েছেন। গত ৪৮ ঘণ্টায় মৃতের সংখ্যা ১১ জনে পৌঁছেছে।’
ভারতে অবৈধ মদের ব্যবসা অত্যন্ত লাভজনক। মূলত অনুমোদিত ব্র্যান্ডের মদ কেনার সামর্থ্যহীন দরিদ্র ক্রেতাদের মধ্য এগুলো বেশ জনপ্রিয়। মদের নেশা বা তীব্রতা বাড়াতে বিক্রেতারা নিয়মিতভাবে এতে বিভিন্ন ধরনের রাসায়নিক মেশান।
ব্যবহৃত এসব রাসায়নিকের মধ্যে মিথানল অন্যতম। মদে মাত্র ৬০ মিলিলিটার পরিমাণ মিথানলও প্রাণঘাতী হতে পারে। এ ছাড়া ভারতের এই অনিয়ন্ত্রিত মদে ব্যাটারির অ্যাসিডের উপস্থিতিও পাওয়া গেছে।
উল্লেখ্য, ২০২০ সালে ভারতের পাঞ্জাবে বিষাক্ত মদ পানে অন্তত ১২০ জনের মৃত্যু হয়েছিল।






