জামালপুরের মাদারগঞ্জে অসহনীয় লোডশেডিংয়ের প্রতিবাদে বিক্ষোভে নামেন বিদ্যুৎ গ্রাহকরা। রোববার (২৯ জুন) দিবাগত রাতে তারা কয়েক ঘণ্টা স্থানীয় বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ও পল্লী বিদ্যুতের ডিজিএম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গতকাল রাত ১০টার দিকে কয়েকশ বিক্ষুব্ধ গ্রাহক মাদারগঞ্জ উপজেলা সদরের পূর্বপাড়া এলাকায় অবস্থিত বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও করেন। এ সময় তারা কেন্দ্রে ভাঙচুরের চেষ্টা করলে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাদারগঞ্জ থানা পুলিশ। পরে পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ অফিসের ডিজিএম ফারজানা ইয়াসমিনও সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কয়েকজন বিক্ষোদ্ধ গ্রাহক (নাম প্রকাশ না করার শর্তে) জানান, পল্লী বিদ্যুৎ মাদারগঞ্জ অফিসের আওতাধীন পুরো উপজেলায় ব্যাপক লোডশেডিং ও ঘনঘন বিদ্যুৎ বিভ্রাট চলছে। এতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি আসন্ন এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এ কারণেই তারা বিদ্যুৎ কেন্দ্র ঘেরাও কর্মসূচি পালন করছেন।
এদিকে পল্লী বিদ্যুৎ সমিতি মাদারগঞ্জ জোনাল অফিসের ডি.জি.এম. ফারজানা ইয়াসমিন জানান, কয়েকশ মানুষ বিদ্যুৎ কেন্দ্রের সামনে জড়ো হয়ে কেন্দ্রটি ঘেরাও করে রাখে। পরে খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি জানান, মাদারগঞ্জে বিদ্যুতের চাহিদা ১৭ থেকে ১৮ মেগাওয়াট। কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র ৭ মেগাওয়াট। এ অবস্থায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে না। ফলে সময়-অসময়ে লোডশেডিং দিতে হচ্ছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে লোডশেডিং কমানোর চেষ্টা করা হবে।






