দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ রেলওয়ের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। তাঁর এ পরিদর্শনকে পার্বতীপুরের রেলওয়ের ঐতিহ্য, সক্ষমতা ও সম্ভাবনাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মার্কিন রাষ্ট্রদূত পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা)-এ পৌঁছান। সেখানে প্রায় দেড় ঘণ্টা অবস্থান করে তিনি কারখানার বিভিন্ন সেকশন ঘুরে দেখেন। এ সময় রেলওয়ের কার্যক্রম, কারখানার উৎপাদন ও মেরামত সক্ষমতা, কারিগরি কার্যক্রম এবং বিভিন্ন অবকাঠামো সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা জানান, পার্বতীপুর দেশের উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ রেলওয়ে কেন্দ্র। এখানকার কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা দীর্ঘদিন ধরে রেলওয়ের ইঞ্জিন মেরামত ও রক্ষণাবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। রাষ্ট্রদূতের পরিদর্শনের মাধ্যমে এখানকার কার্যক্রম ও সক্ষমতা সম্পর্কে আন্তর্জাতিক পর্যায়ে আগ্রহ তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করছেন তারা।
পরিদর্শন শেষে রাষ্ট্রদূত উপজেলা প্রশাসন, রেলওয়ে কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন। পরে দুপুর আড়াইটার দিকে তিনি পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশনে যান। সেখানে টিকিট কাউন্টার, ১ নম্বর প্ল্যাটফর্মসহ স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্টেশনের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।
এদিকে মার্কিন রাষ্ট্রদূতের পার্বতীপুর রেলওয়ে অঙ্গন পরিদর্শনের খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যেও আগ্রহ সৃষ্টি হয়। এলাকাবাসীর মতে, পার্বতীপুর শুধু একটি রেলওয়ে জংশন নয়, উত্তরাঞ্চলের যোগাযোগ ও অর্থনীতির ক্ষেত্রেও এর রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। একজন আন্তর্জাতিক কূটনীতিকের এ ধরনের পরিদর্শন পার্বতীপুরের রেল ঐতিহ্য ও সম্ভাবনাকে নতুন করে আলোচনায় আনবে বলে মনে করছেন তারা।
স্থানীয়রা আরও বলেন, পার্বতীপুরের রেলওয়ে অবকাঠামোর আধুনিকায়ন, যাত্রীসেবার মানোন্নয়ন এবং ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর যথাযথ সংরক্ষণ করা গেলে এ অঞ্চলের যোগাযোগব্যবস্থা আরও শক্তিশালী হবে। একই সঙ্গে রেলকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডও আরও গতিশীল হওয়ার সম্ভাবনা রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, রাষ্ট্রদূতের এই সফর ছিল মূলত পার্বতীপুরের রেলওয়ে কার্যক্রম ও অবকাঠামো সম্পর্কে সরেজমিন ধারণা নেওয়ার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এ ধরনের আন্তর্জাতিক পর্যায়ের পরিদর্শন ভবিষ্যতে পার্বতীপুরের রেলওয়ে খাত নিয়ে আরও আগ্রহ ও সহযোগিতার সম্ভাবনা তৈরি করতে পারে।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত আমান আজিজ, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ হুসাইন রাজু, কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার প্রধান নির্বাহী শেখ হাসিনুজ্জামান, পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল ওয়াদ, রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী, রেলওয়ে নিরাপত্তা বাহিনী পার্বতীপুর সার্কেলের চিফ ইন্সপেক্টর আহসান হাবীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।






