মিয়ানমারের বেসামরিক লোকজনের কাছে মানবিক করিডর দেওয়ার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটিকে অন্তর্বর্তী সরকারের একক সিদ্ধান্ত বলে দাবি করেছেন এই বিএনপি নেতা।
তিনি বলেন, আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না। আমরা যুদ্ধের মধ্যে জড়াতে চাই না।
এখানে এসে অন্য কেউ গোলমাল করুক আমরা চাই না। এমনিই রোহিঙ্গা নিয়ে আমরা সমস্যায় আছি।
গতকাল বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে শেখ বাজার এলাকায় গণসংযোগের সময় বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব আরও বলেন, জাতিগতভাবে সাহায্য করতে আমাদের আপত্তি নাই।






