সংস্কার ছাড়া নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে জামায়াতে ইসলামীর ৬ সদস্যের প্রতিনিধিদলের বৈঠক শেষে ব্রিফিংয়ে এমনটা জানান তিনি।
জামায়াত সেক্রেটারি বলেন, ইসিকে পরিষ্কার বলেছি- সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। অন্তত নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে রাষ্ট্রের যেসব অর্গান ও বিভাগ জড়িত সেগুলো সংস্কার করেই জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। তা না হলে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে না। আগের তিন নির্বাচনে জনগণ যে ভোট দিতে পারেনি, তারই পুনরাবৃত্তি হবে।
মিয়া গোলাম পরওয়ার বলেন, সংস্কার নিয়ে অনেকে ভুল বোঝে। রাষ্ট্রের সংস্কার নির্বাচিত সরকারের দায়িত্ব। এজন্য সময় লাগবে। তবে নির্বাচনকে নিরপেক্ষ করতে ন্যূনতম সংস্কারে যে সময় প্রয়োজন অন্তর্বর্তী সরকারের, জামায়াতে ইসলামী সে সময় দিতে প্রস্তুত। কোনো দিনক্ষণ বেঁধে দেয়া হয়নি।






