Topজাতীয়

মিরপুরে নিহত শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান; দ্রুত বিচারের আশ্বাস

শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়ে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী; রামিসার বড় বোনের দায়িত্ব নেওয়ার ঘোষণা

রাজধানীর মিরপুরে হত্যার শিকার শিশু রামিসার বাসায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাতে পল্লবীর ওই বাসায় গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি। এ সময় রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করে দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী রামিসার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। কান্নাজড়িত কণ্ঠে রামিসার মা বলেন, “আমার মেয়েটা খুব শান্ত ছিল। ওকে এভাবে হারাতে হবে কখনো ভাবিনি। আমরা শুধু হত্যাকারীদের বিচার চাই।” রামিসার বাবা বলেন, “আমরা গরিব মানুষ। আমাদের একটাই দাবি—যারা আমার মেয়েকে হত্যা করেছে তাদের যেন দ্রুত সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়।”


এ সময় প্রধানমন্ত্রী রামিসার বড় বোনের লেখাপড়া ও ভবিষ্যৎ দেখভালের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। তিনি পরিবারের উদ্দেশ্যে বলেন, “আপনারা ভেঙে পড়বেন না। সরকারের পক্ষ থেকে আপনাদের পাশে থাকা হবে।”
প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং ক্রীড়া মন্ত্রী আমিনুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন শফিকুল ইসলাম মিল্টন। তারা সবাই শোকাহত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
এ সময় স্থানীয় এলাকাবাসীও ক্ষোভ প্রকাশ করেন। এক বাসিন্দা বলেন, “আজ রামিসা, কাল হয়তো আরেকটি শিশু। আমরা আর কোনো মা-বাবার বুক খালি দেখতে চাই না।” আরেকজন বলেন, “দোষীদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।”
রামিসা হত্যাকাণ্ডকে কেন্দ্র করে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে।

Leave a Reply