চীনে তৈরি স্মার্টফোন, কম্পিউটার এবং কিছু গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক পণ্যের ওপর আরোপিত উচ্চ শুল্ক আপাতত অব্যাহতির করার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই পদক্ষেপ মার্কিন প্রযুক্তি খাতে একটি বড় স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।
সম্প্রতি ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন এক নোটিশে জানিয়েছে, এসব পণ্যকে ১০% বৈশ্বিক শুল্ক এবং চীনা পণ্যের ওপর আরোপিত ১২৫% পর্যন্ত রেসিপ্রোকাল ট্যারিফ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার রাতে মিয়ামিতে যাওয়ার পথে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানান, এ বিষয়ে বিস্তারিত ঘোষণা তিনি সপ্তাহের শুরুতেই দেবেন।
এই অব্যাহতি এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট অ্যাপল, মাইক্রোসফট এবং এনভিডিয়াসহ অনেক প্রতিষ্ঠান আশঙ্কা করছিল, চীনে উৎপাদিত পণ্যে উচ্চ শুল্কের কারণে গ্যাজেটের দাম আকাশছোঁয়া হতে পারে।
৫ এপ্রিল থেকে কার্যকর এই সিদ্ধান্তে আরও যেসব পণ্য শুল্ক থেকে মুক্তি পাচ্ছে, তার মধ্যে রয়েছে সেমিকন্ডাক্টর, সোলার সেল এবং মেমোরি কার্ড।






