সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাস আল খাইমাহ এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘দুর্ঘটনার পরিস্থিতি ও কারণ অনুসন্ধানে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।’
মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়। অ্যাম্বুলেন্স সেবা, সিভিল ডিফেন্স এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে উদ্ধার ও জরুরি সেবা কার্যক্রম শুরু করা হয়।
এ ছাড়া দুর্ঘটনাস্থল নিরাপদ করা এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থাও নেওয়া হয়।
এ ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে মন্ত্রণালয়। একই সঙ্গে নিহতদের আত্মার মাগফিরাত ও ক্ষমা কামনা এবং তাদের স্বজনদের এই শোক সহ্য করার শক্তি ও ধৈর্য কামনা করেছে।
দুর্ঘটনা নিয়ে কোনো গুজব বা যাচাইবিহীন তথ্য ছড়িয়ে না দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি সবাইকে সতর্ক থাকার এবং যেকোনো তথ্যের জন্য সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের ওপর নির্ভর করার পরামর্শ দেওয়া হয়েছে।
ওই ঘটনায় একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি একের পর এক কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়। এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটে।
তথ্যসূত্র: দ্য ডন






