কলকাতার কুমারটুলির গঙ্গা নদীর ঘাটে স্যুটকেস থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এই মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকায় দুইজনকে আটক করেছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে একটি সাদা-নীল রঙের ট্যাক্সি থেকে দুজন নারী নেমে আসেন গঙ্গা নদীর ঘাটে। এ সময় তাদের সঙ্গে ছিল একটি বেগুনি রঙের স্যুটকেস। স্যুটকেসটি তারা নদীর দিকে নেয়ার চেষ্টা করছেন। কিন্তু দুজনে মিলে টেনেও তা সরাতে পারছেন না। এতে সন্দেহ হয় যোগব্যায়ামকারীদের। তারা কাছে গিয়ে নারীদের জিজ্ঞাসাবাদ শুরু করেন।
প্রথমে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ওই দুই নারী। তারা ব্যাগটি ধরতেও নিষেধ করছিলেন। এতে সন্দেহ হলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে স্যুটকেসটি খুললে রক্তমাখা কাপড়ে মোড়ানো এক নারীর মরদেহ পাওয়া যায়।
স্থানীয় যোগ প্রশিক্ষক রাজা সাউ বলেন, ‘ওই দুই নারী প্রথমে ব্যাগ খুলতে রাজি হয়নি। বলেছিল, ভেতরে ওদের ল্যাব্রাডর কুকুরের মরদেহ আছে। কিন্তু আমরা বিশ্বাস করিনি। একটা কুকুরের ওজন কত হবে? ৩০ থেকে ৪০ কেজি। তাই বলে দুজন মিলে ব্যাগটা টানতে পারবে না?’






