আন্তর্জাতিক

ইউক্রেনে বেসামরিক বাসে রাশিয়ার ড্রোন হামলা, নিহত ৯

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের বিলোপিলিয়া শহরে একটি যাত্রীবাহী বাসে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ৯ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। সুমি আঞ্চলিক সামরিক প্রশাসনের বরাত দিয়ে এই হামলার কথা জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার (১৭ মে) সকালে বাসটি সুমি শহরের দিকে যাত্রাকালে রাশিয়া এই হামলা চালিয়েছে।

সুমি আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেহ হৃরোহোরভ জানান, রাশিয়ার ‘ল্যানসেট’ ড্রোন দিয়ে বাসটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

তিনি এ ঘটনাকে ‘অমানবিক’ বলে আখ্যায়িত করেছেন।

 

ইউক্রেনের পুলিশ একে ‘নিষ্ঠুর যুদ্ধাপরাধ’ আখ্যা দিয়ে বলেছে, ‘আন্তর্জাতিক আইন ও মানবতাবোধ উপেক্ষা করে রাশিয়ান সেনাবাহিনী আবারও একটি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।’

রাশিয়া সরাসরি এই হামলার বিষয়ে কোনো মন্তব্য না করলেও, তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা সুমিতে একটি ‘সেনা সমাবেশে’ আঘাত হেনেছে।

এই হামলার খবর এমন এক সময়ে এসেছে, যখন রাশিয়া ও ইউক্রেন ২০২২ সালের পর প্রথমবারের মতো সরাসরি শান্তি আলোচনা করেছে।

ইস্তানবুলে অনুষ্ঠিত ইউক্রেন-রাশিয়ার প্রতিনিধি দলের শুক্রবারের আলোচনা থেকে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি আসেনি বলে জানিয়েছেন বিশ্লেষকরা। তবে আলোচনার পর দুই পক্ষই একে অপরের এক হাজার যুদ্ধবন্দিকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে।

নিউজ ডেস্ক:

Leave a Reply