রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৮ হাজার পিস ইয়াবাসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি-লালবাগ।
গ্রেফতারকৃতরা হলো- ১। জহিরুল ইসলাম ওরফে জহির (৩২), ২। মোঃ ইউসুফ আলী (৩২), ৩। মো: মিরাজ মোল্লা(৩৫), ৪। সাইফুল ইসলাম (৩৮), ৫। মোছা: মরিয়ম আক্তার ওরফে জেরিন (৩০), ৬। মোছাঃ রাবেয়া (৬০)। অভিযানের সময় দুইজন পালিয়ে যায়। পলাতকরা হলো- ১। ফারুক আহমদ (৩৫) ও ২। মিলি বেগম (৪০)।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর ২০২৪ খ্রি.) বিকাল ০৪:৫০ ঘটিকা হতে রাত ১০:৪৫ ঘটিকার মধ্যে যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবি-লালবাগ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল থেকে গভীর রাত পর্যন্ত ডিবি-লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা’কালে।
দক্ষিণ যাত্রাবাড়ীর বায়তুশ শারফ জামে মসজিদের সামনে হতে একজন এবং যাত্রাবাড়ী মোড়ের পাশে পাবলিক টয়লেটের সামনে হতে পাঁচজনসহ মোট ছয়জন আসামী গ্রেফতার করে ডিবির টিমটি।
গ্রেফতারকৃতদের হেফাজত থেকে সর্বমোট আট হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য প্রায় চব্বিশ লক্ষ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে তারা অনেকদিন ধরে কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকায় এনে বিক্রি করে আসছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে এবং পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।






