সৌদি আরবের দাম্মামে আজ শনিবার (২ মে) রাতে আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব ‘পাসপোর্ট টু দ্য ওয়ার্ল্ড’-এর তৃতীয় দিনে পারফর্ম করতে যাচ্ছেন বাংলাদেশের প্রখ্যাত রক সংগীতশিল্পী নগরবাউল জেমস। সৌদি সরকারের ‘ভিশন ২০৩০’ উদ্যোগের অংশ হিসেবে চার দিনব্যাপী এই উৎসবের আয়োজন করা হয়েছে।
সৌদি সময় রাত ৯টায় শুরু হওয়া এ আয়োজনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে জেমস ছাড়াও অংশ নিচ্ছেন জনপ্রিয় শিল্পী বিউটি খান, শিল্পী আক্তার রিয়া, আকাশ মাহমুদ ও ডিজে সাফা। ইতিমধ্যে উৎসবের প্রথম দিনে মঞ্চ মাতিয়েছেন বাংলাদেশের কনা ও আকাশ মাহমুদ।
দ্বিতীয় দিনে পারফর্ম করেছেন ইমরান মাহমুদুল, মুহাম্মদ মিলন ও আয়শা জেবিন দিপা। উৎসবের শেষ দিনে সংগীত পরিবেশন করবেন মিলা, আরমান আলিফ ও বিউটি খান।
এর আগে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে জেমস বলেন, সৌদি সরকারের আমন্ত্রণে দ্বিতীয়বার গান পরিবেশন করতে যাচ্ছি। এটি আমার জন্য একদিকে গর্বের, অন্যদিকে সম্মানেরও।






