বিনোদন

এফডিসির এমডির বিরুদ্ধে আনোয়ারার সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ

গত মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে প্রথমবারের মতো বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) পরিদর্শনে আসেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. মাহফুজ আলম। এফডিসির ব্যবস্থাপনা পরিচালককে সঙ্গে নিয়ে বিভিন্ন শুটিং ফ্লোর ও সমিতি ঘুরে দেখার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন তথ্য উপদেষ্টা।

এসময় উপদেষ্টার সামনে শিল্পী সমিতিতে গুণী কিংবদন্তি অভিনেত্রী আনোয়ারা বেগমকে অসম্মানের অভিযোগ উঠেছে বিতর্কিত এমডি মাসুমা রহমান তানির বিরুদ্ধে।

জানা গেছে, বিএফডিসির বিতর্কিত নতুন ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানির আচরণে ক্ষিপ্ত হয়ে নন্দিত অভিনেত্রী আনোয়ারা উপস্থিত সহকর্মীদের কাছে জানতে চান- ‘কে এই বেয়াদব মেয়েটা’।

বিষয়টা সিনিয়র সাংবাদিকদের কানে পৌঁছাতেই প্রথম সরব হন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা জানিয়ে এফডিসির এমডির সমালোচনা করেন সাংবাদিকরা।

পরে সিনিয়র-জুনিয়র সহকর্মীদের কানে যেতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দায় সরব হন শোবিজের সকলে।

নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন ঢাকাই সিনেমার বরেণ্য অভিনেতা আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল।

 

তিনি লেখেন, আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও একবার আজীবন সম্মাননা প্রাপ্ত সিনিয়র অভিনেত্রী আনোয়ারার সাথে বেয়াদবি করেছে ফ্যাসিবাদের দোসর ও শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রথম চলচ্চিত্রের নির্মাতা যুবলীগের সেক্রেটারি নিখিলের ঘনিষ্ট, এফডিসির বিতর্কিত এমডি মাসুমা রহমান তানি। আনোয়ারার নখের যোগ্য যে নয় তার এত বড় সাহস হয় কি ভাবে একজন সিনিয়র শিল্পীর সাথে বেয়াদবি করার? আনোয়ারাসহ সকল সিনিয়র চলচ্চিত্র কর্মীদের রক্ত পরিশ্রমে এফডিসির প্রতিটি ইট তৈরি হয়েছে। এফডিসিতে কোন অর্বাচীনকে মেনে নেয়া হবে না।

নিউজ ডেস্ক:

Leave a Reply