বিআইডব্লিউটিসির পরিচালিত উপকূলীয় ফেরি সার্ভিসের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে চট্টগ্রামের বাঁশবাড়িয়া-সন্দ্বীপ ফেরিঘাটসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান এ. টি. এম. আব্দুল বারী ড্যানী।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) চেয়ারম্যান বাঁশবাড়িয়া-সন্দ্বীপ ঘাটে গিয়ে ফেরি চলাচল সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি ফেরি সার্ভিসের সার্বিক কার্যক্রম, ঘাটের ব্যবস্থাপনা এবং যাত্রী ও যানবাহন পারাপারের বিভিন্ন বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে তথ্য নেন।
পরিদর্শনকালে চেয়ারম্যানের সঙ্গে ছিলেন বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস. এম. আশিকুজ্জামান এবং চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
চেয়ারম্যান বাঁশবাড়িয়া ফেরিঘাটে পৌঁছালে বিআইডব্লিউটিসির কর্মকর্তা-কর্মচারী এবং নাবিক কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
পরিদর্শনের ধারাবাহিকতায় চেয়ারম্যান চট্টগ্রাম সদরঘাট এলাকায় বিআইডব্লিউটিসির আঞ্চলিক কার্যালয়, জেটি, খালি জায়গা, বিভিন্ন স্থাপনা ও গোডাউন পরিদর্শন করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের সম্পদের সর্বোত্তম ব্যবহার, স্থাপনাগুলোর কার্যকর ব্যবস্থাপনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
পরে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন। সভায় প্রতিষ্ঠানের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা এবং সেবার মান আরও উন্নত করার বিষয়ে মতবিনিময় করেন তিনি।
দায়িত্ব গ্রহণের পর থেকেই বিআইডব্লিউটিসির বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন চেয়ারম্যান এ. টি. এম. আব্দুল বারী ড্যানী। সংশ্লিষ্টরা মনে করছেন, তার এ ধরনের মাঠপর্যায়ের তৎপরতা প্রতিষ্ঠানের কার্যক্রমে গতি আনার পাশাপাশি সরকারি সম্পদের যথাযথ ব্যবহার ও জনসেবার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।






