সারাদেশ

সিলেটে ছোট ভাইকে হত্যার অভিযোগ বড় ভাইয়ের বিরুদ্ধে

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউনিয়নের বাগজুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইকে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে। নিহতের নাম রুবেল আহমেদ এহিয়া (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২৮ এপ্রিল) সকালে পারিবারিক জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশ চলাকালীন সময়ে বড় ভাই জাকারিয়া কাচি দিয়ে রুবেল আহমেদ এহিয়ার মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় তার মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা যায়, বাগজুর গ্রামের মৃত হাজী আসিক মিয়ার ছেলে রুবেল। তিনি সৌদি আরব প্রবাসী ছিলেন।

পাঁচ বছরের প্রবাস জীবন কা‌টিয়ে দেশে ফিরে আট মাস আগে তিনি বিয়ে করেন। এরপর ফিরে গিয়ে পুনরায় তিন মাসের ছুটিতে দেশে আসেন। আগামী ৪ মে তার সৌদি আরবে ফেরার কথা ছিল।

কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের মাহমুদ আল আদনান বলেন, জমি সংক্রান্ত পারিবারিক বিরোধ থেকেই বড় ভাইয়ের আঘাতে ছোট ভাই গুরুতর আহত হয়।

আহত অবস্থায় ওসমানী হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 

নিউজ ডেস্ক:

Leave a Reply