রাজবাড়ীতে একটি সহিংস আন্দোলনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম সোহাগ (৪৫)-কে গ্রেপ্তার করেছে রাজবাড়ী থানা পুলিশ। গ্রেপ্তার আসামি দক্ষিণ ভবানীপুর এলাকার মৃত আব্দুস সালাম মোল্লার ছেলে।
পুলিশ জানায়, গত বছরের ১৮ জুলাই বিকালে রাজবাড়ী-ঢাকা মহাসড়কের বড়পুল গোল চত্বরে পূর্বপরিকল্পিতভাবে লোকজন সংঘবদ্ধ হয়ে বোমা, আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি, লোহার রড, বাঁশের লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ব্যবহার করে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বহু ছাত্রছাত্রী ও তাদের অভিভাবক গুরুতর আহত হন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পরের দিন সদর উপজেলার কাউরিয়া গ্রামের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় এজাহারভুক্ত ১৭০ জন এবং অজ্ঞাতনামা আরো ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাজবাড়ী থানার ওসির নির্দেশে এসআই মো. মিকাইল হোসেন ও সঙ্গীয় ফোর্স গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সদর থানাধীন অঙ্কুর স্কুলের সামনে অভিযান পরিচালনা করে সাইফুল ইসলাম সোহাগকে গ্রেপ্তার করেন।
রাজবাড়ী সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান জানান, গ্রেপ্তার আসামিকে আজ মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।






