সারাদেশ

রাজশাহীতে চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাই

রাজশাহী নগরীতে থানা থেকে মাত্র ৪০০ মিটার দূরে রিকশায় থাকা এক যাত্রীর চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে ১০ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (২০ এপ্রিল)  সকাল পৌনে ৯টার দিকে নগরীর ঘোড়ামারা এলাকায় চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে নগরীর বোয়ালিয়া থানা ভবন মাত্র ৪০০ মিটার দূরে। ছিনতাইয়ের শিকার ওই রিকশাযাত্রীর নাম দিলীপ কুমার প্রমাণিক।

তিনি রিলায়েন্স অটো নামের একটি যন্ত্রাংশ বিক্রির দোকানের ব্যবস্থাপক হিসেবে কাজ করছেন।

দিলীপ কুমার জানান, আগের দিনের বিক্রির প্রায় ১২ লাখ টাকা নগরের কুমারপাড়া এলাকায় মহাজনের বাসায় রেখেছিলেন। রবিবার সকালে রিকশায় করে দোকানের দিকে রওনা দেন ওই টাকা নিয়ে। ঘোড়ামারা এলাকায় পৌঁছলে রিকশাচালক হঠাৎ পাশের একটি সরু গলিতে ঢুকে পড়ে।

এ সময় একটি মোটরসাইকেলে আসা দুই যুবক এসে রিকশার সামনে ব্যারিকেড সৃষ্টি করে। তাদের একজন তার চোখে মরিচের গুঁড়ার মতো কিছু ছিটিয়ে দিলে তাৎক্ষণিকভাবে তিনি কিছু দেখতে না পেয়ে চিৎকার শুরু করেন। ঠিক তখনই ছিনতাইকারীরা তার পিঠের ব্যাগ টানতে শুরু করে। বাধা দিতে গেলে তারা ছুরি দিয়ে আঘাত করে তার ডান হাতের কনুই ও বাঁ হাতের একটি আঙুল কেটে দেয়।
ধস্তাধস্তির এক পর্যায়ে ব্যাগ থেকে আড়াই লাখ টাকা রাস্তায় পড়ে গেলেও মূল ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে দুই ছিনতাইকারী পালিয়ে যায় ছিনতাইকারীরা। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার পর রিকশাচালক কোনো ভাড়া না নিয়েই এলাকা থেকে সটকে পড়েন, যা তাকে সন্দেহের আওতায় এনেছে।

রিলায়েন্স অটোর মালিক বিপুল কুমার ঘোষ জানান, দিলীপ অনেক দিন ধরে তাদের প্রতিষ্ঠানে সততার সঙ্গে কাজ করছেন। প্রতিদিনই তিনি টাকা নিয়ে যান। ছিনতাইয়ের ঘটনার পরপরই বোয়ালিয়া থানা পুলিশ ও মহানগর গোয়েন্দা বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং দুর্বৃত্তদের শনাক্ত করতে কাজ চলছে। মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে বলে জানান তিনি।
নিউজ ডেস্ক:

Leave a Reply