নরসিংদীতে চাঁদা না দেয়ায় আমির হোসেন সাদ্দাম (৩০) নামে এক ফার্নিচার ব্যবসায়ীকে মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে মেহেদী সরকার (৩৭) নামে এক শ্রমিকদল নেতা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।
রোববার (১৩ এপ্রিল) দুপুরে নরসিংদী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সদর উপজেলার হাজীপুর কাঠ বাজারের ব্যবসায়ী ফার্নিচার ব্যবসায়ী আমির হোসেন সাদ্দাম।
অভিযুক্ত মেহেদী সরকার (৩৭) সদর উপজেলার হাজীপুর গ্রামের ওমর মিয়ার ছেলে ও হাজীপুর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ফার্নিচার ব্যবসায়ী আমির হোসেন সাদ্দাম বলেন, তিনি হাজীপুর কাঠ বাজারে ফার্নিচার ব্যবসা করেন। গত ২৫ মার্চ রাতে ফোন করে হাজীপুর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক মেহেদী সরকার তাঁর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে রাজি না হলে তাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়। হুমকির মুখে নিজ ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছেন না ওই ব্যবসায়ী। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়ার ৭ দিন অতিবাহিত হলেও তাদের রাজনৈতিক প্রভাবের কারণে মামলা নথিভুক্ত না হওয়ার অভিযোগ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।






