সারাদেশ

ব্রহ্মপুত্র নদে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইড়, ১ লাখ ৩৫ হাজার টাকায় বিক্রি

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে জালে ধরা পড়েছে ৯০ কেজি ওজনের বিশাল এক বাঘাইড়। মাছটি এক লাখ দশ হাজার টাকায় কিনে তা কেটে খুচরা বিক্রি করা হয়েছে এক লাখ ৩৫ হাজার টাকায়।

শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের পুটিমারী এলাকায় জেলে নরেন্দ্র নাথের জালে মাছটি ধরা পড়ে। পরে থানাহাট বাজারের মাছ ব্যবসায়ী সাজু মিয়া মাছটি কিনে নেন।

এদিন সন্ধ্যায় চিলামারী উপজেলার পাম্পমোড় এলাকায় মাছটি কেটে প্রতি কেজি এক হাজার ৫০০ টাকা দরে বিক্রি করা হয়। বিশাল আকৃতির মাছটি দেখতে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে।

সাজু মিয়া জানান, ব্রহ্মপুত্র নদের পানি কমে যাওয়ায় বর্তমানে জেলেদের জালে বাঘাইড়, পাঙাশসহ বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পড়ছে। এসব মাছের বাজারে চাহিদাও রয়েছে।

মাছ ব্যবসায়ী ফুলমিয়া বলেন, বড় ব্যবসায়ী, শিল্পপতি, আমলা ও রাজনৈতিক ব্যক্তিরা আগাম অর্ডার দিয়ে এসব মাছ কেনেন। চাহিদা অনুযায়ী ক্রেতাদের কাছে মাছ পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

চিলমারী উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. এমদাদুল হক বলেন, বড় বাঘাইড় মাছ ধরার কথা শু‌নেছি। তবে ব্রহ্মপুত্রে দেশীয় বড় মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করতে মৎস্য বিভাগের পাশাপা‌শি সবাইকে এগি‌য়ে আস‌তে হ‌বে।

নিউজ ডেস্ক:

Leave a Reply