রংপুরের মিঠাপুকুরে পিকনিকের বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি ধাক্কায় আব্দুল্লাহ বিন রুহান (১২) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শাল্টি গোপালপুরে রাঙ্গাপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহানের গ্রামের বাড়ি মিঠাপুকুরের শাল্টিপাড়া এলাকায়। রুহান খালাসপীর ফাজিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। তবে আহত তিনজনের নাম জানা যায়নি।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, রাঙ্গাপুকুর এলাকায় পীরগঞ্জের খালাসপীর থেকে ছেড়ে আসা পিকনিকের একটি বাসের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি ধাক্কায় ঘটনাস্থলেই অটোভ্যানের যাত্রী রুহানের মৃত্যু হয়। এ সময় নিহতের মা, অটোভ্যানটির চালক ও একজন যাত্রী গুরুতর আহত হন। আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।






