সারাদেশ

সাভারে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

সাভারের গেন্ডা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। শনিবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাভারের গেন্ডা এলাকায় মহাসড়কের ইউটার্ন পয়েন্টে দাঁড়িয়ে থাকা আনন্দ পরিবহন নামে একটি বাসে এই আগুন লাগার ঘটনা ঘটে। বাসটি তৈরি পোশাক কারখানার শ্রমিকদের যাতায়াতে ব্যবহৃত হয়।

বাসের চালক ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, বাসটি সাভারের গেন্ডা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের ইউটার্নে দাঁড় করিয়ে রাখা ছিল। বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন বাসের চালক মো. সেলিম। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ বাসের পেছন দিকে আগুন দেখতে পেয়ে চালক তড়িঘড়ি করে বাস থেকে নেমে যান।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনেন।

বাসচালক মো. সেলিম জানান, বাসের সামনের দিকে ইঞ্জিন কাভারের ওপর বিছানা করে ঘুমিয়ে ছিলেন তিনি। এসময় বাসের পেছনের দিকে লাগা আগুনের তাপে ঘুম ভেঙে গেলে ‘আগুন আগুন’ বলে চিৎকার করে বাস থেকে নেমে যান তিনি । পরে বালতি দিয়ে পানি এনে আগুন নেভানোর চেষ্টা করেন। আগুন না নেভায় পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিস ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে বাসে আগুন লেগেছে তা জানেন না তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সাভার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাহাঙ্গীর আলম বলেন, রাত সাড়ে ১০টার দিকে বাসে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের বাসের ১০ শতাংশ পুড়ে গেছে, তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

আর কীভাবে বাসটিতে আগুনের সূত্রপাত সেটি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিউজ ডেস্ক:

Leave a Reply