সারাদেশ

রংপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যুর অভিযোগ

রংপুরের কাউনিয়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে ভাতিজার লাঠির পিটুনিতে আমজাদ হোসেন (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার বালাপাড়া ইউনিয়নের গের্দ্দবালাপাড়া চান্দের ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আমজাদ হোসেন উপজেলার শহীদবাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বুদ্ধিরবাজার এলাকার মৃত আব্দুল জব্বারের পুত্র।

এ বিষয়ে প্রাথমিক তদন্ত ও তথ্য-উপাথ্য যাচাই শেষে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, আমজাদ হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে তার ভাতিজা শহিদুলের বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শহিদুল লোকজন নিয়ে বিরোধপূর্ণ জমিতে জোর করে ভেকু দিয়ে মাটি উত্তোলনের চেষ্টা করেন। এসময় আমজাদ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে শহিদুল ও তার লোকজন লাঠি দিয়ে পেটালে আমজাদ গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাত ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। আজ বুধবার (১৫ জানুয়ারি) সকালে তিনি মারা যান।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের বড় পুত্র রায়হান বাদী হয়ে ১২ জনের নামে হত্যা মামলা করেছেন। তাদের গ্রেফতারের অভিযান চলছে বলে জানান তিনি।

Leave a Reply