বগুড়ায় বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ হাফডজন মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিমকে (৩২) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
রোববার (১৫ জুন) দিবাগত রাত ২টার দিকে শহরের নিশিন্দারা চকর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (১৬ জুন) দুপুরে ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আব্দুর রহিম শহরের নিশিন্দারা চকরপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে। তার বিরুদ্ধে ২০১৮ সালে শহরের কলোনিতে শাকিল হত্যাকাণ্ডসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে হাফ ডজন মামলা রয়েছে।
বগুড়া ডিবির ইনচার্জ (ওসি) মো. ইকবাল বাহার জানান, এসআই আরিফুল রহমানসহ ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে নিশিন্দারা চকর পাড়ায় শীর্ষ সন্ত্রাসী আব্দুর রহিমের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার দেখানো মতে শয়নঘরে খাটের তোষকের নিচ থেকে আমেরিকার তৈরি একটি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, তার বিরুদ্ধে ২০১৮ সালে শহরের কলোনিতে শাকিল হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে হাফডজন মামলা রয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করে তাকে আদালতে পাঠানো হবে।






