পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের কৃষক সোহাগ মৃধা কোরবানির গরু ‘কালো মানিক’ নামে একটি কোরবানির গরু বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দিতে ঢাকায় নিয়ে গিয়েছিলেন।
পরে ‘কালো মানিক’ গ্রহণ না করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া পুনরায় এটি কৃষক সোহাগ মৃধাকে ঈদ উপহার হিসেবে দিয়েছেন। নির্দেশ দিয়েছেন নিজ এলাকায় ফিরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কোরবানি সম্পন্ন করতে।
সোহাগ মৃধা বলেন, আমার আর কিছু চাওয়া-পাওয়ার নেই। আমার উপহার গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া গ্রহণ করেছেন, আবার আমাকেই সেটি উপহার হিসেবে ফেরত দিয়েছেন। তারেক রহমান স্যার আমার সঙ্গে ভিডিও কলে কথাও বলেছেন। আমাকে এবং আমার ছেলেকে ঈদ উপহার দিয়েছেন। আমি এবং আমার পরিবারের সবাই খুব খুশি হয়েছি।
এর আগে বৃহস্পতিবার (৫ জুন) সকাল ৮টার সময় সেই আদরের কালো মানিককে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উপহার দিতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন সোহাগ মৃধা। পরে ঢাকায় পৌঁছালে সোহাগ মৃধার দেওয়া কোররবানির গরু ‘কালো মানিক’ গ্রহণ করেননি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।






