রাজধানী

মিরপুরে ২০টি ককটেল ও ৪১টি মশাল লাঠি উদ্ধার, নেপথ্যে কারা?

রাজধানীর মিরপুরে ২০টি ককটেল, ৪১টি মশাল লাঠি ও দুই লিটার কেরোসিন তেল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) গভীর রাতে মিরপুর-১-এর পাইকপাড়া আনছার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত উদ্ধার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ ও স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, পিপিএম-সেবার নির্দেশনায় এবং মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান, পিপিএমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে পাইকপাড়ার তানিম ভবনের সামনে অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে তিনটি কাগজের ব্যাগে রাখা ১৫টি এবং রাস্তায় পড়ে থাকা আরও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। এ ছাড়া ৪১টি মশাল লাঠি, দুই বোতলে আনুমানিক দুই লিটার কেরোসিন তেল ও নরম ককশিট উদ্ধার করা হয়েছে।
পরবর্তীতে জননিরাপত্তার স্বার্থে কল্যাণপুরের হাক্কানী গলি সংলগ্ন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের নির্মাণাধীন ভবন কম্পাউন্ডে রাত ২টা ২০ মিনিটে দুই দফায় বিস্ফোরণ ঘটিয়ে ২০টি ককটেল নিষ্ক্রিয় করা হয়।
দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে পরিচিত কোনো চক্র কিংবা অন্য কোনো দুর্বৃত্তগোষ্ঠী গোপনে তৎপর রয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। তবে উদ্ধার হওয়া আলামতের সঙ্গে কোনো রাজনৈতিক গোষ্ঠীর সংশ্লিষ্টতা এখনো নিশ্চিত হয়নি।
এসব বিস্ফোরকসদৃশ বস্তু কারা মজুত করেছিল, কী উদ্দেশ্যে রাখা হয়েছিল এবং এর নেপথ্যে কোনো পরিকল্পনাকারী বা সংঘবদ্ধ চক্র রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে উদ্ঘাটনের দাবি উঠেছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধ দমন, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে মিরপুর বিভাগে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply