রাজধানী

মিরপুরে ঢালাইয়ের সময় নির্মাণাধীন ভবনের ছাদ ধস

রাজধানীর মিরপুর শাহ আলী থানাধীন আকবর মসজিদ ছাত্রাবাসের পুরাতন ভবনের উত্তর পাশে নির্মাণাধীন একটি ভবনের ছাদ ঢালাইয়ের সময় ধসের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে নতুন নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাই চলাকালে হঠাৎ করেই ছাদের একটি অংশ ধসে নিচে পড়ে যায়। ওই সময় ছাদ ঢালাইয়ের কাজ চলমান ছিল বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢালাইয়ের সময় কাঠামোর একটি অংশ ভেঙে পড়লে নির্মাণস্থলে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তেই কাজ বন্ধ হয়ে যায় এবং সবাই নিরাপদ স্থানে সরে যান।

তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে স্থানীয়রা।

ঘটনার খবর পাওয়ার পরপরই সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি ও ফেরদৌসী আহমেদ মিষ্টি ঘটনাস্থল পরিদর্শন করেন।

এছাড়া পরিদর্শনে উপস্থিত ছিলেন—
সাজ্জাদুল মিরাজ, সদস্য সচিব, যুবদল, ঢাকা মহানগর উত্তর;
জগলুল পাশা পাভেল, সাবেক সদস্য সচিব, যুবদল, ঢাকা মহানগর উত্তরসহ বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মী।

ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং ফায়ার সার্ভিসের একটি দলও উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করে।

পরিদর্শনকালে নেতৃবৃন্দ নির্মাণকাজের মান, নিরাপত্তা ব্যবস্থা ও কাঠামোগত ত্রুটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান।

এ বিষয়ে আকবর মসজিদ ছাত্রাবাস কমিটির পক্ষ থেকে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিনিধি জানান, নির্মাণকাজ চলাকালে হঠাৎ এ ধরনের দুর্ঘটনা ঘটে, তবে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তিনি আরও জানান, বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে।

এদিকে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও যথাযথ নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ঘটনার পর এলাকায় উৎসুক জনতার ভিড় দেখা যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।

Leave a Reply