রাজধানী

মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

ঢাকা-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ঢাকা-৪ আসন কমিটি।
বুধবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি-এর সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন।
তিনি অভিযোগ করেন, এমপি জয়নুল আবেদীন নির্বাচিত হওয়ার পর এলাকায় জনকল্যাণমূলক কাজ শুরু করলে একটি কুচক্রী মহল তা ব্যাহত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
লিখিত বক্তব্যে বলা হয়, কদমতলী শিল্প এলাকায় প্রভাব বিস্তারকারী হাসান ও সাজিদুর রহমান মাহিন (শুটার মাহিন) রাজনৈতিক পরিচয় বদলে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক কারবারে জড়িত। তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের সঙ্গে এমপি জয়নুল আবেদীন ও তাঁর ভাগ্নে মেরিন ইঞ্জিনিয়ার আসাদুজ্জামান সাব্বিরকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে।
মোহাম্মদ মহিউদ্দিন দাবি করেন, অদৃশ্য প্রভাবের কারণে আসাদুজ্জামান সাব্বিরকে আটক করা হয়েছে। তিনি অবিলম্বে তার মুক্তি দাবি করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সংশ্লিষ্ট মামলার মূল আসামি ও বাদীকে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কেন অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে অভিযুক্ত শুটার মাহিনকে গ্রেপ্তার করা হচ্ছে না।
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ ঘটনার নিন্দা জানিয়ে এটিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেন এবং স্থানীয় এমপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি মহলের ইন্ধনের অভিযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন আব্দুর রহিম জীবন, ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার হাবিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
নিউজ ডেস্ক:

Leave a Reply