রাজধানী

মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ উপলক্ষে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ 

নবনিযুক্ত মন্ত্রী হিসেবে মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। দায়িত্ব গ্রহণের পর তিনি মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। তিনি সততা, নিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকলকে কঠোর নির্দেশনা প্রদান করেন।
মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ উপলক্ষে মন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ মাহবুবের রহমান। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ট্রাস্টের পরিচালক (প্রশাসন) ও যুগ্ম সচিব জাকিয়া পারভীন, পরিচালক (অর্থ) ও যুগ্ম সচিব আন্দ্রিয়া দ্রং-সহ ট্রাস্টের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। সাক্ষাৎকালে কর্মকর্তারা নতুন মন্ত্রীকে অভিনন্দন জানান এবং ট্রাস্টের বর্তমান কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মোঃ মাহবুবের রহমান ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তাঁর বলিষ্ঠ নেতৃত্বে এবং সুশৃঙ্খল ব্যবস্থাপনায় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের স্থবিরতা কাটতে শুরু করেছে। বিশেষ করে, দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা মুক্তিযোদ্ধাদের বিপুল পরিমাণ জমি পুনরুদ্ধারসহ বিভিন্ন জটিল সমস্যা সমাধানে তিনি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন।
অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা কল্যাণ ট্রাস্টের বর্তমান নেতৃত্বের সততা ও জনসেবামূলক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, অভিজ্ঞ রাজনীতিবিদ ও বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং দক্ষ প্রশাসক মোঃ মাহবুবের রহমানের সম্মিলিত প্রচেষ্টায় মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের কার্যক্রমে আরও গতিশীলতা আসবে।
বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে গৃহীত বিভিন্ন প্রকল্প এবং তাঁদের অধিকার সুরক্ষায় এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়।

Leave a Reply