চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড
দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটসহ দুইজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ২টার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের কোণপাড়া বাঁধসংলগ্ন শ্যামলের লিচুর বাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
চিরিরবন্দর থানা পুলিশের একটি অভিযানিক দল এসআই (নিঃ) মোঃ মোস্তাফিজার রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মাদক সেবন ও দখলে রাখার অভিযোগে মোঃ জীবন রানা (২৩) ও মোঃ ফিরোজ আহম্মেদ (২৮) নামে দুইজনকে আটক করে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
মোবাইল কোর্টে আটক দুইজনকে প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ২ পিস টাপেন্টাডল ট্যাবলেট, কাগজের তৈরি ১টি পাইপ ও ১টি গ্যাসলাইট উদ্ধার করা হয়।
আটক জীবন রানা চিরিরবন্দর উপজেলার ঝাজিরাপাড়া এলাকার সাজেদুর রহমানের ছেলে। অপর আসামি ফিরোজ আহম্মেদ (২৮) দিনাজপুর কোতোয়ালি থানার চকনারায়ণপুর এলাকার মোস্তাকিম আলীর ছেলে।
অভিযানের সময় চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।



