মাদক ও জুয়া নির্মূলসহ নারী নির্যাতন প্রতিরোধে সরকারের কঠোর অবস্থানের কথা ঘোষণা করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।
তিনি স্পষ্ট জানিয়ে দেন, সমাজ থেকে মাদক ও জুয়া চিরতরে উপড়ে ফেলতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। অপরাধমূলক এসব কর্মকাণ্ডের ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় দিনাজপুরের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম-এর সভাপতিত্বে জেলা পর্যায়ের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে মন্ত্রী অধ্যাপক ডাঃ এ.জেড.এম জাহিদ হোসেন (এমপি) অনলাইন ও অফলাইনসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে পরিচালিত সব ধরনের জুয়া খেলা এবং মাদকের বিস্তার বন্ধে কঠোর তদারকির নির্দেশ দেন। তিনি বলেন, মাদক ও জুয়া সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
এসব অপকর্ম বন্ধে সংশ্লিষ্ট সব প্রক্রিয়া জোরদার করতে হবে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নিরবচ্ছিন্ন অভিযান চালিয়ে যেতে হবে।
নারী নির্যাতন প্রতিরোধের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, সমাজে নারী নির্যাতন প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে হবে। কেবল আইন প্রয়োগই নয়, প্রতিরোধমূলক সামাজিক কার্যক্রম জোরদার করা জরুরি।
তিনি সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে নারী নির্যাতন প্রতিরোধে দ্রুত ও অগ্রণী ভূমিকা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
এ ছাড়া জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হতে হবে। শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সরকারের সকল দপ্তরকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।
জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নিজ নিজ মতামত তুলে ধরেন।






