নওগাঁয় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাফিউল ইসলাম রিফাত (২২) নামে এক কলেজ শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। শনিবার (২৬ এপ্রিল) বেলা ১১টার দিকে নওগাঁ সরকারি কলেজ ক্যাম্পাসের ভেতরে প্রক্যাশ্য এই হামলার ঘটনা ঘটে। পরে রোববার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় কলেজ চত্ত্বরে এই হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারসহ প্রত্যক্ষদর্শী শিক্ষকদের পদত্যাগ দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পালনসহ আমরণ অনশন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।
হামলার অভিযোগ উঠা ওই ছাত্রদল নেতার নাম শাহরিয়ার শিশির। জেলা ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে রয়েছেন তিনি। অপরদিকে, আহত রিফাত নওগাঁ সরকারি কলেজের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। বর্তমানে গুরুত্বর আহত হয়ে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এ কর্মসূচিতে নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী জুনায়েদ হোসেন, সাদনান সাকিব, রাজনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
শিক্ষার্থীরা বলেন, হামলার ঘটনাস্থলে কলেজ অধ্যক্ষ সামসুল হক এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মনিরুজ্জামান বিদ্যুৎ উপস্থিত ছিলেন। তারা ঘটনাস্থলে উপস্থিত থাকার পরেও কোন ব্যবস্থা না নেওয়ায় কলেজ অধ্যক্ষ এবং শিক্ষক পরিষদের সম্পাদদের পদত্যাগ দাবি করা হচ্ছে। এখন পর্যন্ত ছাত্রদল নেতা সন্ত্রাসী শিশির প্রক্যাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অবিলম্বে তাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে আইনের আওতায় আনতে হবে।
দুপুর ২টার দিকে কলেজ অধ্যক্ষ এবং শিক্ষক পরিষদের সম্পাদকের পদত্যাগের দাবিতে একটি মিছিল বের করে নানা স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। মিছিলটি কলেজ অধ্যক্ষের কার্যালয়ের কাছে পৌঁছালে কর্মচারিরা ভেতর থেকে তালা লাগিয়ে দেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেনাবাহিনী এবং থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যবস্থ্যা না নেওয়ায় অধ্যক্ষ এবং শিক্ষক পরিষদ সম্পাদকের পদত্যাগসহ ৩ দফা দাবিতে আমরণ অনশনে বসে শিক্ষার্থীরা।






