এক বছরের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আলবেনিয়া। শিশুদের মধ্যে সহিংসতা নিয়ে উদ্বেগের কারণে এ পদক্ষেপ নিয়েছে ইউরোপের দেশটি। আলবেনিয়ার মন্ত্রিসভা বৃহস্পতিবার (৬ মার্চ) টিকটক নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই অ্যাপটি বিশেষ করে শিশুদের মধ্যে সহিংসতা ও বুলিং উসকে দিচ্ছে।
সিএনএন থেকে জানা যায়, শিক্ষামন্ত্রী ওগার্টা মানাস্টারলিউ জানিয়েছেন, সরকার টিকটকের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যাতে অভিভাবক নিয়ন্ত্রণ, বয়স যাচাই ও আলবেনিয়ান ভাষা সংযোজনের মতো নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়া হয়। সরকারি সূত্র জানায়, এ বিষয়ে ৬৫,০০০ অভিভাবকের সঙ্গে ১,৩০০টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে বেশিরভাগ অভিভাবকই টিকটক নিষিদ্ধ বা সীমিত করার পক্ষে মত দিয়েছেন।






