প্রথমবারের মতো পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোর বড় ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো জুনিয়র। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলের প্রথম ধাপে পা রাখতে চলেছেন ১৪ বছর বয়সী এই কিশোর।
বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরে বাবা রোনালদোর সঙ্গে আছেন রোনালদো জুনিয়র। ২০২২ সালের ডিসেম্বরে ক্লাবটিতে যোগ দেন পর্তুগালের কিংবদন্তি তারকা।
নিজের ছেলের জাতীয় দলে ডাক পাওয়ার আনন্দ সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন রোনালদো। ছেলের নামের পাশে থাকা পর্তুগালের দলীয় স্কোয়াড তালিকার একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘তোমার জন্য গর্বিত, ছেলে।’
রোনালদো জুনিয়রের ক্যারিয়ার শুরু থেকেই যেন তার বাবার পথের প্রতিচ্ছবি। এখন পর্যন্ত তিনি রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, ম্যানচেস্টার ইউনাইটেড এবং বর্তমানে আল-নাসরের যুব দলে খেলেছেন। জুভেন্টাসে খেলাকালীন একটি মৌসুমে তার ৫৮টি গোল করার কথাও জানা গেছে।
আন্তর্জাতিক পর্যায়ে তিনি শুধু পর্তুগাল নয়, জন্মসূত্রে যুক্তরাষ্ট্র এবং স্পেনে বসবাসের সুবাদে সে দেশের হয়েও ভবিষ্যতে খেলার সুযোগ পাবেন।






