দিনের শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশের। বেরসিক বৃষ্টি তার খেলা শেষ করলে ব্যাটিংয়ে নামেন গত দিনের দুই অপরাজিত ব্যাটার মমিনুল হক ও মাহমুদুল হাসান জয়। কিন্তু নিজের খেলা দেখানোর আগেই ড্রেসিংরুমের পথ ধরলেন জয়।
গত দিনের ২৮ রানের সঙ্গে আজ ৫ রান যোগ করেই জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানির বলে স্লিপে ক্রেইগ আরভিনকে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনি।
জয়ের আউটে ভেঙে যায় দ্বিতীয় উইকেটের ৬০ রানের জুটি। মমিনুল অবশ্য পরে আরেকটি পঞ্চাশোর্ধ্ব জুটি গড়েন। ফিরতি ৬৫ রানের জুটিতে তাকে সঙ্গ দেন শান্ত। কিন্তু নিজে ফিফটি করে ব্যাট দেখানোর আগেই মাঠ ছাড়েন।
প্রথম ইনিংসে ৫৬ করা বাঁহাতি ব্যাটার দ্বিতীয় ইনিংসে করেছেন ৪৭ রান।
দলের হাল ধরতে এসে দ্রুত ফেরেন দীর্ঘদিন ধরেই রান খড়ায় থাকা মুশফিকুর রহিম। প্রথমের মতো দ্বিতীয় ইনিংসেও ৪ রান করে আউট হন তিনি। তবে আলোকস্বল্পতার আগে দিনের শেষটা ভালোভাবেই সামলিয়েছেন শান্ত-জাকের। দুজনে মিলে পঞ্চম উইকেটে ৩৯ রানের জুটি গড়েছেন। তবে আজ দিন শেষ করলেও আগামীকাল আরো বড় দায়িত্ব দুজনের কাঁধে। কেননা কোচ ফিল সিমন্সকে জন্মদিনের উপহার জয় দিতে চাইলে বড় লক্ষ্য দাঁড় করাতে হবে বাংলাদেশকে।






