ঢাকা ছাড়ার আগ পর্যন্ত মোহাম্মদ আশরাফুলরা জানতেন না এশিয়ান লিজেন্ড লিগ অনুমোদনহীন ক্রিকেট টুর্নামেন্ট। ভারতের এ বেসরকারি ক্রিকেট লিগ খেললে আইসিএলের মতো নিষেধাজ্ঞায় পড়তে হবে তাদের।
বিসিবি থেকে এ বার্তা পাওয়ার পরই ম্যাচ খেলা থেকে নিজেদের প্রত্যাহার করে নেন বাংলাদেশ টাইগার্সের ক্রিকেটাররা। উদয়পুর মিরাজ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে গতকাল ইন্ডিয়ান্স রয়েলসের সঙ্গে ম্যাচ ছিল টাইগার্সের। ম্যাচের আগে এ রকম একটি বার্তা বড় ধাক্কা হয়ে ছিল আয়োজক ও ক্রিকেটারদের জন্য। মিরাজ গ্রুপ আয়োজিত এশিয়ান লিজেন্ডস লিগ ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুমোদিত না।
এ ব্যাপারে অবহিত হওয়ার পর টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশের ক্রিকেট বোর্ডকে সতর্ক করে আইসিসি। বিসিবি এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ায় রক্ষা। বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী জানান, আইসিসির মেইল পাওয়ার পরই ক্রিকেটারদের সতর্ক করা হয়েছিল। অথচ আয়োজকরা ভুল বুঝিয়ে ক্রিকেটারদের খেলার জন্য নিয়ে গেছে।
২০০৮ সালে অনুমোদনহীন ক্রিকেট লিগ আইসিএলে খেলে নিষিদ্ধ হয়েছিলেন হাবিবুল বাশাররা। মিরাজ গ্রুপের ‘খপ্পরে’ পড়ে লিজেন্ডস লিগ খেলতে গিয়েছিলেন বিপিএল এবং ঢাকা লিগে খেলা বেশির ভাগ ক্রিকেটার। বিসিবিতে কোচের চাকরি করেন– এমন অনেকে গিয়েছিলেন।






