বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে নিজের আগের অবস্থানের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবর।
মূলত সাকিব আল হাসানকে ঘিরে সাম্প্রতিক রাজনৈতিক বিতর্কের প্রেক্ষাপটে এই স্ট্যাটাস দিয়েছে আসিফ আকবর। বুধবার (৫ আগস্ট) ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে একটি সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনে ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি যুক্ত ছিলেন সাকিব আল হাসান, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হয়।
এর আগে অবশ্য সাকিবের প্রতি প্রকাশ্য সমর্থন ও প্রশংসা করেছিলেন আসিফ আকবর। চলতি বছরের মার্চে সাকিবের ৩৯তম জন্মদিন উপলক্ষে লন্ডনে তার সঙ্গে কেক কাটার একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে আসিফ আকবরকে সাকিবের জন্মদিন উদযাপন করতে দেখা যায় এবং তিনি তাকে ‘নবাব’ বলেও সম্বোধন করেন।






