খেলাধুলা

বন্ধুকে মারধরের অভিযোগ নিয়ে মুখ খুললেন তাসকিন

বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদের বিরুদ্ধে বাল্যবন্ধুকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বন্ধু সিফাতুর রহমান সৈকত মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তবে মারধরের ঘটনা পুরোপুরি অস্বীকার করছেন তাসকিন আহমেদ।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘তাসকিনের বাল্যবন্ধু একটা অভিযোগ করেছেন। তারা একে অপরের পরিচিত। স্পেসিফিকভাবে মারধর করার কথা লেখেননি। আজকে ভোরে কথা কাটাকাটির এক পর্যায়ে কিল-ঘুষি মারার অভিযোগ করেছেন।’

“আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে পুরোটাই মিথ্যা, ভিত্তিহীন। আমি ওদেরকে মারিনি। আমার নামে মিথ্যা জিডি করে ওরা আমাকে বিব্রত করার চেষ্টা করছে।”
-তাসকিন আহমেদ

ওসি সাজ্জাদ জানান, আমরা বিষয়টি জিডি নয়, অভিযোগ হিসেবে গ্রহণ করে সত্যতা যাচাইয়ের জন্য অনুসন্ধান করছি। সত্যতা পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিষয়টি নিয়ে দেশের এক গণমাধ্যমকে তাসকিন বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে পুরোটাই মিথ্যা, ভিত্তিহীন। আমি ওদেরকে মারিনি। আমার নামে মিথ্যা জিডি করে ওরা আমাকে বিব্রত করার চেষ্টা করছে।’

ঘটনার আসল কাহিনী বলতে গিয়ে টাইগার পেসার বলেন, ‘রসি নামে আমার একজন বন্ধু আছে, ওরা আমার এই বন্ধুকে মেরেছে। তাই আমি মোহাম্মদপুর থানার ওসি সাহেবকে ফোন করছিলাম। পুলিশ গিয়ে ওদেরকে মোহাম্মদপুরে খুঁজেছে। এজন্য এরা উল্টা আমার নামে জিডি করেছে।’

এদিকে তাসকিনের ঘটনায় বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, ‘সকালে দেখলাম। বিসিবি সভাপতি এবং ফাহিম ভাইও (ক্রিকেট অপারেশন্স প্রধান) দেখছেন বিষয়টা। ইতোমধ্যে তদন্ত শুরু হয়ে গেছে। এটা যদি ঘটে থাকে তাহলে খুবই দুঃখজনক। আইকন প্লেয়ার এসবে জড়ানো উচিত না। কী হয়েছে সেটা আগে বের হোক।’

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় দলে এ+ ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার তাসকিন আহমেদ। দলের সব ক্রিকেটারের তুলনায় তাসকিনের বেতন সবচেয়ে বেশি। এর আগে গত বিশ্বকাপে ঘুমের কারণে বাস মিস করেছেন বলেও তাসকিনের বিরুদ্ধে অভিযোগ ওঠেছিল।

নিউজ ডেস্ক:

Leave a Reply