সাকিব আল হাসান দ্বিতীয়বারের মতো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দল লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন। ইতোমধ্যে তিনি স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন। সব ঠিক থাকলে আগামীকাল (রবিবার) লাহোরের হয়ে মাঠে নামতে পারেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
সাকিব আল হাসানের পিএসএল ক্যাম্পে যোগ দেওয়ার খবর একটি এক্স পোস্টের মাধ্যমে জানিয়েছে লাহোর কালান্দার্স।
সাকিবসহ নতুন যোগ দেওয়া কয়েকজন বিদেশি ক্রিকেটারকে স্বাগত জানিয়ে ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘কুশাল পেরেরা, সাকিব আল হাসান এবং ভানুকা রাজাপাকসা পৌঁছে গেছেন ইসলামাবাদে—তারা এসেছেন নিজেদের সেরাটা দিতে! ক্যালান্দার্স পরিবার, আপনারা প্রস্তুত তো?’
পিএসএলে এর আগে তিনটি ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন সাকিব আল হাসান—২০১৬ সালে করাচি কিংসের হয়ে অভিষেক, এরপর পেশোয়ার জালমি ও লাহোর কালান্দার্স।






