দেশের শীর্ষ আলেম, বিশ্ববরেণ্য আরবি ভাষাবিদ ও জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সর্বশেষ গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া চট্টগ্রামের শিক্ষক মাওলানা মাহমুদ মুজিব এই তথ্য জানিয়েছেন। তিনি সবার কাছে এই মুরুব্বি আলেমের জন্য দোয়া চেয়েছেন।
তিনি জানিয়েছেন, আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভীকে পুনরায় আইসিইউতে নেওয়া হয়েছে। অক্সিজেন লেভেল কমে গেছে। দোয়ার দরখাস্ত।
এর আগে গত শুক্রবার (১৮ এপ্রিল) গুরুতর অসুস্থ হয়ে পড়লে আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভীকে এভারকেয়ার হসপিটালের এসডিইউতে ভর্তি করা হয়।
আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী চট্টগ্রামের জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সর্বশেষ ঘোষিত কমিটির প্রধান উপদেষ্টা। এ ছাড়া তিনি কওমি মাদরাসাভিত্তিক শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি ও সৌদি আরবভিত্তিক আন্তর্জাতিক সাহিত্য সংস্থা ইন্টারন্যাশনাল লিগ অব ইসলামিক লিটারেচারের বাংলাদেশ ব্যুরো চিফ।






