ধর্ম

ইসলাম যেভাবে সব নবীর ধর্ম

পৃথিবীতে প্রচলিত আসমানি ধর্ম তিনটি—ইসলাম, ইহুদি ও খ্রিস্টবাদ। পবিত্র কোরআনে খ্রিস্টান ও ইহুদিদের আহলে কিতাব এবং ইসলাম ধর্মের অনুসারীদের মুসলিম বলে সম্বোধন করা হয়েছে। এতে অনেকের ধারণা হতে পারে ইসলাম পূর্ববর্তী আসমানি ধর্ম থেকে বিচ্ছিন্ন এবং পূর্ববর্তী নবীদের শরিয়তের সঙ্গে শরিয়তে মুহাম্মদির সম্পর্ক বিরোধপূর্ণ। তবে পবিত্র কোরআন ও হাদিসের বক্তব্য দ্বারা প্রমাণিত ইসলাম সব নবী-রাসুলের ধর্ম। তা পূর্ববর্তী শরিয়তকে পূর্ণতা দান করেছে মাত্র।

প্রথম নবী (আ.) থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ (সা.) পর্যন্ত সব নবী-রাসুল ইসলামের অভিন্ন মৌলিক বিষয়গুলোর দাওয়াত দিয়েছেন। তাঁদের সবাই ওহিপ্রাপ্ত ছিলেন, যা মানবজাতিকে হেদায়েত ও সৌভাগ্যের পথে পরিচালিত করেছে। এরশাদ হয়েছে, ‘আল্লাহর কাছে ধর্ম হচ্ছে ইসলাম।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ১৯)

মহান আল্লাহ যুগে যুগে নবীদের ভূমিকা কি ছিল তা সম্পর্কে বলেন, ‘বলো, আমি তো রাসুলদের ভেতর নতুন নই। আমি জানিও না, আমার ও তোমাদের সঙ্গে কী আচরণ করা হবে। আমার কাছে যে ওহি পাঠানো হয় আমি শুধু তাই মেনে চলি। একজন স্পষ্ট সতর্ককারী ছাড়া আমি আর কিছু নই।’ (সুরা : আহকাফ, আয়াত : ৯)

অর্থাৎ সব নবীর দায়িত্ব ছিল কেবল আল্লাহর নির্দেশিত বিষয়গুলো মানুষের ভেতর প্রচার করা। আর তাঁদের শরিয়তগুলোর ভেতরে যে মিল ও অমিল ছিল, তা আল্লাহর পক্ষ থেকেই ছিল। তবে মুহাম্মদ (সা.)-এর আগমনের মাধ্যমে পূর্ববর্তী ধর্মগুলো রহিত হয়ে গেছে। তাই পূর্ববর্তী ধর্মের অনুসরণ করে বর্তমানে নাজাত বা মুক্তি পাওয়া যাবে না।

পবিত্র কোরআনের একাধিক আয়াত দ্বারা প্রমাণিত হয় নবী-রাসুলগণের দাওয়াতের মূল বিষয়গুলো অভিন্ন ছিল।

নিউজ ডেস্ক:

Leave a Reply